চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে প্রায় আড়াই কোটি শিশু

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে প্রায় আড়াই কোটি শিশু

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।।

 

বৃহস্পতিবার (২৫জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

 

তিনি বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সেদিন যেসব শিশু বাদ পড়বে পরেরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত।

 

তিনি আরোও বলেন, “ভিটামিন এ প্লাস ক্যাপসুল বছরে দুইবার খাওয়াতে হয়। প্রথম রাউন্ড শেষ হলে পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস টিকা দেবে সরকার।”“দুর্গম অঞ্চলের শিশুদের ২৮ জুনের পর পরবর্তী চারদিন টিকা খাওয়ানো হবে। বিভিন্ন টিকা কেন্দ্র ছাড়াও শিশুদের টিকা খাওয়ানোর জন্য লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ মোবাইল ক্যাম্পেইন থাকবে আরও ৫০০টি।”

 

শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে ১৯৭৩ সাল থেকে দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। তখন কর্মসূচিটি ‘জাতীয় রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম’ নামে পরিচিত ছিল। ১৯৯৫ সাল থেকে কার্যক্রমটিকে আরো শক্তিশালী করার জন্য জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে ভিটামিন ‘এ’-কে যুক্ত করা হয়।

 

এরপর ২০০৩ সাল থেকে এটিকে আলাদা কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়, যার নাম দেওয়া হয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

 

এ কর্মসূচিটি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত হত। ২০১১ সাল থেকে গত বছরের মার্চ পর্যন্ত এটি স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা বা এনএনএস অপারেশন প্লানের অধীনে পরিচালিত হয়। অপারেশন প্লান বিলুপ্ত হওয়ায় এটি ফের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কার্যক্রম হিসেবে চলছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট