নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং পরিবহনে অগ্নিসংযোগের ২১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।
পুলিশ সদর দফতরের অপারেশন্স শাখার ‘নিষিদ্ধ দলের অপতৎপরতা ও নাশকতা সংক্রান্ত তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের ১২১টি এবং পরিবহনে অগ্নিসংযোগের ৯৯টি ঘটনা ঘটেছে।
২৩ দিনে ৭২টি ঝটিকা মিছিল
নাশকতার পাশাপাশি নভেম্বরের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে।
হামলার লক্ষ্যবস্তু পুলিশও
পুলিশের স্থাপনায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সংক্রান্ত ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে চার জনকে।
গ্রামীণ ব্যাংকে ৩৪টি নাশকতার ঘটনা
সাম্প্রতিক নাশকতায় হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংকও। দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকটির স্থাপনায় ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ সদর দফতরের প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকে নাশকতার মোট ৩৪টি ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই। তবে আটটি মামলা ও ১৯টি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে আট জনকে।
হামলা ও অগ্নিসংযোগের শিকার জুলাই স্মৃতিস্তম্ভ
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে এ ধরনের দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে।
নাশকতা প্রতিরোধে চ্যালেঞ্জ
পুলিশ সদর দফতরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নাশকতার ঘটনা পরিবহনে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশের স্থাপনা ও গাড়ি, আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং জুলাই স্মৃতিস্তম্ভও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
পূর্বকোণ/আরআর

















