চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কাস্টমসের কায়িক পরীক্ষণের ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬ | ৮:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোর্ট ইউজার্স ফোরামের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও স্মারকলিপি প্রদানকালে কাস্টমস কমিশনার মুহা. মাহবুবুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিরা জানান, সম্প্রতি আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অনুসরণীয় ১৪টি নির্দেশনা জারি করে চট্টগ্রাম কাস্টমস হাউস। এসব নির্দেশনা ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। তাদের মতে, নির্দেশনাগুলো কার্যকর হলে পণ্য পরীক্ষণ, শুল্কায়ন ও খালাস প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লাগবে। এতে ডেমারেজসহ বিভিন্ন ধরনের বাড়তি মাশুলের কারণে ব্যবসায়িক ব্যয়ও বৃদ্ধি পাবে।

প্রতিনিধিদল আরও উল্লেখ করেন, গত ১১ আগস্ট চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, বাণিজ্য প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ অবস্থায় কায়িক পরীক্ষণের ক্ষেত্রে নতুন করে বাধ্যবাধকতা আরোপ সরকারের বাণিজ্য সহজীকরণের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মত দেন।

এ সময় পোর্ট ইউজার্স ফোরামের পক্ষ থেকে বিতর্কিত নির্দেশনাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। জবাবে কাস্টমস কমিশনার বন্দর ব্যবহারকারীদের দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে নির্দেশনাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। পাশাপাশি কাস্টমস কর্মকর্তাদের জন্য এ বিষয়ে নতুন একটি অভ্যন্তরীণ আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনার জানান, প্রস্তাবিত অভ্যন্তরীণ আদেশটি পোর্ট ইউজার্স ফোরাম, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

বৈঠকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পোর্ট ইউজার্স ফোরামের পক্ষে এএম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক এসএম সাইফুল আলমসহ কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং পণ্য খালাস প্রক্রিয়া আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এ লক্ষ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানো এবং শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া সহজ করতে সরকারের নির্দেশনা ও গৃহীত উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, বন্দর, কাস্টমসসহ দেশের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত সমস্যা ও সংকট যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এতে ভুল-বোঝাবুঝির অবকাশ থাকে না। এ ঘটনার মধ্য দিয়ে বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে।

তিনি এ উদ্যোগের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আমিরুল হক আরও বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে নীতিনির্ধারণী পর্যায়ে চিটাগাং চেম্বার সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট