চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে : শামীম

পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে : শামীম

কর্ণফুলী সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ

আওয়ামী ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতে পলাতক হাসিনার নির্দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে শুরু থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজকে কর্ণফুলীর ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হচ্ছে। আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তাদের যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রশাসনকে বলেছি কোন নিষিদ্ধ সংগঠন যদি অরাজকতা করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর তাদের সাথে বা তাদের জন্য তদবির করবে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে কর্ণফুলী উপজেলার ইউএনও রিদোয়ানুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আমিরুল মোস্তফা, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহম্মেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দীন ফয়সাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম প্রমুখ।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট