চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় শিশু অপহরণ: ঘরের বিছানায় মিলল মুক্তিপণের চিঠি!

পটিয়ায় শিশু অপহরণ, ঘরের বিছানায় মিলল মুক্তিপণের চিঠি

পটিয়া সংবাদদাতা

১৭ জুন, ২০২৬ | ৭:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় স্থানীয় এক গ্যারেজ মালিকের ৫ বছর বয়সী শিশু মো. জায়হানকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা অপহৃত শিশুর বাবা শাহজাহানের নাম উল্লেখ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ঘরের বিছানায় একটি হাতের লেখা চিরকুটও রেখে যায়।

 

বুধবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকায় পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

​পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির সামনের রাস্তায় খেলাছিল শিশু জায়হান। দুপুর ১২টার পর জায়হানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। কোনো হদিস না মেলায় পরিবার পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করে। শিশু অপহরণের ঘটনায় শাহজাহানের ঘরে প্রতিবেশীরা এসে ভিড় জমান। পরে বিকেল তিনটার দিকে তাদের ঘরে একটি হাতের লেখা চিঠি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয়ে কেউ একজন ভিড়ের মধ্যে ঘরের সামনের রুমের বিছানায় চিঠিটি রেখে যায়।

 

​চিঠিতে শিশুর বাবা শাহজাহানকে সম্বোধন করে লেখা ছিল, ​”তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। যদি কোনো চালাকি করার চেষ্টা করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না, পুলিশের কাছে না গেলে ভালো হয়। যদি যাস ছেলের লাশ পাবি। বাইরের মানুষ না জানার মতো, তোর পরিবারের উপর নজর আছে সবসময়। আধা ঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যেকোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিবি। রাখার পর তুই সহ তোর ফ্যামিলির সবাই বাসার ভিতর ঢুকে যাবি। ঢুকে গিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিবি। যদি কোনো চালাকি করস তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তোর ছেলেকে জীবনে খুঁজে পাবি না। মোবাইলটা তোর ছেলেকে তোকে দেখানোর জন্য, আর মানুষের গায়ে হাত তোলা বন্ধ করে দিবি।”

 

​চিঠিটি পাওয়ার পরপরই পরিবার ও এলাকাবাসী নিশ্চিত হন যে শিশু জায়হানকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের টিম মাঠে কাজ করছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট