শ্রীলঙ্কায় সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিতা রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। একটি চলমান তদন্তের অংশ হিসেবে বুধবার (১৭ জুন) সকালে তাকে হেফাজতে নেওয়া হয়।
দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) জিজ্ঞাসাবাদের জন্য যোশিতাকে তলব করেছিল। এর আগে গত মঙ্গলবার হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও একটি আদালতের মামলার অজুহাতে তিনি উপস্থিত হননি। পরবর্তীতে বুধবার সকালে কমিশনে হাজির হলে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নৌবাহিনীতে নিয়োগ এবং সরকারি অর্থে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যোশিতার বিরুদ্ধে।
শ্রীলঙ্কান নৌবাহিনীতে ক্যাডেট অফিসার হিসেবে যোগদানের জন্য বিজ্ঞান বা গণিত বিভাগ থেকে ‘অ্যাডভান্সড লেভেল’ (উচ্চ মাধ্যমিক সমমান) পাস করা বাধ্যতামূলক হলেও যোশিতা রাজাপাকসে পড়াশোনা করেছিলেন মানবিক বিভাগে। তদন্তে দেখা গেছে, তাকে সুযোগ করে দিতে পরবর্তীতে নিয়োগের মূল শর্ত ও বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছিল। শুধু উচ্চ মাধ্যমিকই নয়, ২০০৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ায় তার ‘অর্ডিনারি লেভেল’ (মাধ্যমিক সমমান) এর যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে যোশিতার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মিলিয়ে সেই নিয়মও বদলে ফেলা হয়।
তাছাড়া, ২০০৬ সালের সেপ্টেম্বরে তৎকালীন নৌবাহিনী প্রধান বসন্ত কারান্নাগোদা যুক্তরাজ্যের ‘রয়্যাল নেভাল একাডেমি’তে যোশিতার ভর্তির ব্যাপারে চিঠি পাঠান। একাডেমি থেকে জানানো হয়, সেখানে কোনো পূর্ণাঙ্গ স্কলারশিপের সুযোগ নেই এবং পড়াশোনার সম্পূর্ণ খরচ পরিশোধ করতে হবে। এরপরও সব নিয়ম ভেঙে ২০০৭ সালের জানুয়ারিতে যোশিতাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সেখানে দেড় বছরেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কা সরকারের সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে তিনি নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।
ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ অপচয় এবং নৌবাহিনীর নিয়ম লঙ্ঘনের এই মামলায় এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন। সূত্র: নিউজ ফার্স্ট, রয়টার্স
পূর্বকোণ/পিআর


















