চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২৬ | ৪:৪১ অপরাহ্ণ

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিশির মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করা হয়।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই ব্যবসায়ী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে টালবাহানা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওয়ারী বিভাগের একটি দল তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে আরও ১৪ থেকে ১৫ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় শিশির মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে কাজ করতেন। তিনি নির্বাচনি প্রচারণার ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম এবং বিভিন্ন প্রমোশনাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

তদন্ত-সংশ্লিষ্টরা জানান, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল টিকিট সরবরাহের মাধ্যমে তিনি প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের আস্থা অর্জনের জন্য শিশির মুন্না নিজেকে বর্তমান এমপি-মন্ত্রীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। এমনকি বিশ্বাসযোগ্যতা বাড়াতে তাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়ও নিয়ে যেতেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট