চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার শুভসূচনা

জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার শুভসূচনা

স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রালফ রাংনিকের অস্ট্রিয়া। দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ফিরে এই জয়ের মাধ্যমে ‘গ্রুপ জে’ থেকে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করল ইউরোপের দলটি। অন্যদিকে, নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে লড়াকু ফুটবল উপহার দিলেও হার দিয়ে আসর শুরু করতে হলো জর্ডানকে।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্ট্রিয়া। ২১ মিনিটে রোমানো শ্মিডের চমৎকার এক গোলে লিড নেয় তারা। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়ানরা।

 

বিরতির পর ঘুরে দাঁড়ায় জর্ডান। ৫০ মিনিটে জর্ডানের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোলটি করেন তরুণ স্ট্রাইকার আলী অলওয়ান। মাঝমাঠের কাছ থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় অস্ট্রিয়ার রক্ষণ ভেঙে বল জালে জড়ান তিনি।

 

ম্যাচের ৭৬ মিনিটে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোলের শিকার হয় জর্ডান। ডিফেন্ডার ইয়াজান আল-আরবের গায়ে লেগে বল নিজেদের জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া।

 

ম্যাচের একদম শেষ মুহূর্তে ভিএআর (VAR) রিভিউ শেষে পেনাল্টি পায় অস্ট্রিয়া। অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আরনাউতোভিচ স্পট-কিক থেকে গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট