চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

ফুটবল বরপুত্রের পায়ে লুটোপুটি খেল রেকর্ড

মেসি মেসি ও মেসি

স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০২৬ | ২:৫৫ অপরাহ্ণ

ফুটবল পায়ে এর আগেও বহু রূপকথার জন্ম দিয়েছেন লিওনেল মেসি। তবে ১৭ জুন বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে যা করলেন তা যেন হার মানায় সেই রুপকথাকেও। আর্জেন্টিার উদ্বোধনী মাচেই লিওনেল মেসি বাধ্য করেছেন ফুটবল ইতিহাসের পাতাকে নতুন করে লিখতে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়াকে ৩-০ উড়িয়ে দেয়ার পথে করেছেন হ্যাটট্রিক। বিশ্বকাপের আসরে যা মেসির প্রথম। শুধু তাই-ই নয় রেকর্ডের বন্যাও বইয়ে দিয়েছেন ফুটবলের এই বিস্ময়।
মিরোস্লাভ কোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ: আজকের জাদুকরী হ্যাটট্রিকের (ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে) মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১৬টি। এর ফলে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ কোসার করা বিশ্বকাপের ইতিহাসের সর্বকালীন সর্বোচ্চ ১৬ গোলের অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন। আসরে আর একটি গোল করলেই কোসাকে ছাড়িয়ে যাবেন তিনি। অর্থাৎ বিশ্বরেকর্ড থেকে আর একটিমাত্র গোল দূরে মেসি। দেশের হয়ে তার গোলসংখ্যা এখন ১২০টি।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি বিশ্বকাপ: আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) অংশ নেওয়ার একক রেকর্ড গড়েন মেসি। অবশ্য বুধবার রাত ১১টায় কঙ্গোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলে তিনিও এই তালিকায় যুক্ত হবেন।
২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক: ম্যাচটি ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ফুটবল ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বদর আল-মুতাওয়ার পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলের ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি।
প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক: দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অসংখ্য হ্যাটট্রিক থাকলেও বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও হ্যাটট্রিক পাননি মেসি। আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের বৃত্ত পূরণ করলেন তিনি।
বিশ্বকাপের বয়োজেষ্ঠ্য গোলদাতার রেকর্ড: ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক (৩টি) গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। তিনি ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলার (৩৮ বছর ৩৪ দিন) গড়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।
পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি: ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ফুটবল বিশ্বকাপে গোল করার অনন্য নজির স্থাপন করলেন আর্জেন্টিনার এই অধিনায়ক। আরেকটি কাকতালীয় বিষয় হলো, ঠিক ২০ বছর আগের এই ১৭ জুনেই (২০০৬ জার্মানি বিশ্বকাপ) সার্বিয়ার বিপক্ষে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির!
বক্সের বাইরে থেকে গোলের ‘রিভেলিনো’ রেকর্ড স্পর্শ: ম্যাচে দূরপাল্লার শটে গোল করার মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ারে বক্সের বাইরে থেকে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ৫টি। এর ফলে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ৫টি গোল করার যে কীর্তি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো গড়েছিলেন, আজ সেটি স্পর্শ করলেন মেসি।
ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারী: ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আলজেরিয়ার জাল তিনবার কাঁপিয়েছেন মেসি। এর ফলে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার এক অবিশ্বাস্য ও অনন্য রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট