চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

সর্বশেষ:

নাফ নদীর মোহনায় ট্রলারসহ ৭ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

নাফ নদীর মোহনায় ট্রলারসহ ৭ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

টেকনাফ সংবাদদাতা

১৫ জুন, ২০২৬ | ৯:৫৯ অপরাহ্ণ

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) টেকনাফের বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা এলাকা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। 

 

সোমবার (১৫ জুন) সকালে শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এই অপহরণের ঘটনা ঘটে।

 

আটক জেলেরা হলেন-ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১২), হেলাল (১১), লালাইয়া (১৯), সৈয়দ আলম (২১) ও ফয়সাল (২২)। তারা সবাই শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা এবং আটক হওয়া ট্রলার দুটির মালিক একই এলাকার মো. আবদুর রাজ্জাক।

 

স্থানীয় জেলেরা জানান, শাহপরীরদ্বীপের দক্ষিণ-পূর্বপাড়া ঘাট থেকে তারা মাছ শিকারে গিয়েছিলেন। ফেরার পথে অনিচ্ছাকৃতভাবে তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

 

শাহপরীরদ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, ২-বিজিবির শাহপরীরদ্বীপ বিওপি এলাকা থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে এই ঘটনা ঘটে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. অনীক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানার পর জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে অপহৃত জেলেদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

 

সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে প্রায়ই বাংলাদেশি জেলেরা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হয়রানি ও আটকের শিকার হচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা এসব সমস্যার স্থায়ী সমাধান এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট