রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
এদিন আবুল বারকাতের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আদালতে জামিন চেয়ে আবেদন করেন । রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষ হলে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ৭ জুন আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার। পরে ১৪ জুন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণে উল্লেখ আছে, ২৪ এর জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
পূর্বকোণ/রাকিব


















