চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

কীভাবে এমন ‘অভিভাবকহীন’ হয়ে গেল চট্টগ্রাম নগরী!

কীভাবে এমন ‘অভিভাবকহীন’ হয়ে গেল চট্টগ্রাম নগরী!

পূর্বকোণ রিপোর্ট

১৫ জুন, ২০২৬ | ৮:২১ পূর্বাহ্ণ

হাজার বছরের ঐতিহ্যবাহী নগরী চট্টগ্রামকে কেউ বলেন- ‘তিলোত্তমা নগরী’, কেউ ডাকেন ‘প্রাচ্যের রাণী’। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে একে বাণিজ্যিক রাজধানী বলতেও কেউ কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেন।

 

বন্দর আছে বলে অনেকেই বলেন-লিখেন বন্দরনগরী। বিশ্বের আধুনিক শহর সিঙ্গাপুর সিটি বা সাংহাইয়ের আদলে একে সাজানোর প্রতিশ্রুতিও কম শোনা যায়নি। সর্বশেষ শোনা যাচ্ছে, স্মার্ট সিটি করা হবে চট্টগ্রাম নগরীকে।

 

দুর্ভাগ্য হচ্ছে, চট্টগ্রামকে নতুন করে সাজানোতে সবার আগ্রহ আছে, কিন্তু এই নান্দনিক শহরের প্রাকৃতিক সৌন্দর্যটা ধরে রাখার বিষয়ে কারো তেমন আগ্রহ নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গরজও বোধ করেন না কেউ।

 

চট্টগ্রাম নগরীর লাইফ-লাইন হিসেবে পরিচিত এশিয়ান হাইওয়ের (বহদ্দারহাট-বিমানবন্দর সড়ক) সিডিএ এভিনিউ এলাকার উপরের ছবিগুলো দেখলেই বুঝা যায়- এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কারো কোন পদক্ষেপ নেই।

 

সড়ক বিভাজকের (আইল্যান্ড) গ্রিলগুলো খুলে নিয়ে গেছে, কেউ প্রতিরোধ করেনি। সংবাদপত্রে লেখালেখির পরও নজরদারির ব্যবস্থা করেনি কোনো সংস্থা। এই আইল্যান্ডকেন্দ্রিক কতো ধরনের অপরাধ যে সংঘটিত হয় সেটি বলার অপেক্ষা রাখে না।

 

কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, সড়কের আইল্যান্ডে রীতিমতো সংসার পেতেছেন কেউ কেউ। কাপড় ও মশারি টাঙিয়ে আড়াল করে রাতের অন্ধকার এমনকি দিনের আলোতেও চলছে অনৈতিক-অসামাজিক কার্যক্রম। চলছে মাদক সেবনও। সন্ধ্যা হলেই আতঙ্ক ভর করে সড়ক বিভাজকে ওঁৎ পেতে থাকা গামসেবনকারীরা কখন- কোন পথচারীদের উপর ছিনতাইয়ের চেষ্টা চালায়, সেই ভয়ে!

 

অবস্থা এমন দাঁড়িয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট সরকারি সংস্থা- যেন কারও করার কিছুই নেই! আক্ষেপ করে নাগরিকদের প্রায়ই বলতে শোনা যায়, এই নগরীর সৌন্দর্যবর্ধন নয় বরং প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা ধরে রেখে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে চট্টগ্রাম তার হৃত সৌন্দর্য ফিরে পাবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট