চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদ

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৬ | ৪:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

 

আজ দৈনিক পূর্বকোণে প্রথম পৃষ্টায় ‘কীভাবে এমন ‘অভিভাবকহীন’ হয়ে গেল চট্টগ্রাম নগরী’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, হাজার বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম নগরীর এশিয়ান হাইওয়ের (বহদ্দারহাট-বিমানবন্দর সড়ক) সিডিএ এভিনিউ এলাকার সড়ক বিভাজকের (আইল্যান্ড) গ্রিলগুলো খুলে নিয়ে গেছে, কেউ প্রতিরোধ করেনি।

 

সড়কের আইল্যান্ডে রীতিমতো সংসার পেতেছেন কেউ কেউ। কাপড় ও মশারি টাঙিয়ে আড়াল করে রাতের অন্ধকার এমনকি দিনের আলোতেও চলছে অনৈতিক-অসামাজিক কার্যক্রম। চলছে মাদক সেবনও। সন্ধ্যা হলেই আতঙ্ক ভর করে সড়ক বিভাজকে ওঁৎ পেতে থাকা গামসেবনকারীরা কখন- কোন পথচারীদের উপর ছিনতাইয়ের চেষ্টা চালায়, সেই ভয়ে!

 

এ প্রতিবেদনের পর আজ সোমবার (১৫ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানসমূহ দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট