চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালীতে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রবিবার (১৪ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার মাধাইয়া এলাকার হারুনুর রশিদ ভান্ডারির ছেলে রবিউল হোসেন (৩২)। তিনি বর্তমানে কোতোয়ালী থানার মালিপাড়া এলাকায় বসবাস করেন। অন্যজন কোতোয়ালী থানার আসকারদিঘি ঝাউতলা এলাকার মেথরপট্টি হরিজনপাড়ার বাসিন্দা সুধারাম দাশের ছেলে পিয়া দাশ (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















