কক্সবাজারের কলাতলীতে ৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবদল ও মৎস্যজীবী দলের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঘটনায় সংশ্লিষ্ট দুইজনকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আটককৃতরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আলম ওরফে ইয়াবা ফরিদ (৩০), একই ইউনিয়নের মৎস্যজীবী দলের সদস্য সচিব মফিজ উল্লাহ ওরফে আজম (২৮) এবং তাদের সহযোগী কাসুপির রহমান সারুপ (৩২)।
আজ রবিবার (১৪ জুন) টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ফরিদ আলমকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মশিউর রহমান। তিনি বলেন, শনিবার ১৩ জুন কলাতলী ভোলা বাবুর পেট্রোল পাম্প এলাকায় একটি নোহা গাড়িকে তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়।
একই দিনে টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার অপর এক বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে মফিজ উল্লাহকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের তাদের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয় ।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ

















