চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

সর্বশেষ:

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হল

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হল

অনলাইন ডেস্ক

১৫ জুন, ২০২৬ | ১:২৩ অপরাহ্ণ

রাজধানীর ওয়ারী থানার প্রতারণার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

 

গত ১১ জুন তৌহিদ আফ্রিদিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এ দিন ধার্য করে দেন।

 

এদিন শুনানিকালে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

 

মামলার বিবরণে বলা হয়েছে, সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি গেল বছরের ১৩ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজের অফার পান। ফাতেমা ঐশ্বী পরিচয় দিয়ে ওই ব্যক্তি দ্যূতিকে গুগলে রিভিউ দিতে বলে এবং কাজের জন্য টেলিগ্রাম অ্যাপ খুলতে বলে। পরদিন কাজের জন্য দ্যূতিকে ৩০০ টাকা পাঠানো হয়। লিসা নামে এক ব্যক্তি পরদিন তাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। সেখানে অন্যান্য সদস্যরা টাকা পাঠানোর পর মুনাফাসহ আসল ফেরত পেলে স্ক্রিনশর্ট দিত। তাদের দেখে আশ্বাস পেয়ে দ্যূতি লিসার বিকাশ নাম্বারে দুই হাজার টাকা পাঠান। সেদিনই তিনি আসলসহ ২৮০০ টাকা ফেরত পান।

 

চলতি বছরের ১৫ জানুয়ারি তাকে ৫ হাজার ৩০০ টাকা পাঠানো হয়। আরও কাজ শেখার জন্য তাকে আরেকটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলা হয়। বিশ্বস্ততা অর্জন করে তার কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামে আসামি করে গত বছরের জানুয়ারি মাসে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

 

এই মামলায় তদন্তে পাওয়া সন্ধিগ্ধ আসামি হিসাবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হল।

 

গত বছরের ২৪ অগাস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট