জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় মো. মফিজ মিয়া (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ১৭ দিন নিখোঁজ থাকার পর গতকাল রোববার (১৪ জুন) নিহত হওয়ার খবর পাওয়া যায়।
সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে নিহতের পরিবারের সদস্যরা ।
নিহত মফিজ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা এলাকার বানু মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানান , চলতি বছরের ৭ মে চাঁদপুর জেলার এক ব্যক্তিকে ১২ লাখ টাকা দিয়ে জীবিকার সন্ধানে রাশিয়ায় যান মফিজ। সেখানে তাকে দিয়ে রাজমিস্ত্রীর কাজ করার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকে সরাসরি ইউক্রেনের সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। পরে এক দালাল চক্র তাকে অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। তারপর সর্বশেষ গত ২৯ মে পরিবারের সাথে কথা হয় মফিজের। এরপর থেকে মফিজের ব্যবহৃত ইমো, হোয়াটসঅ্যাপস, মেসেঞ্জার বন্ধ দেখায়। পরে পরিবারে লোকজন মফিজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করতে পারনি। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের লোকজন জানাতে পারে ড্রোন হামলায় মফিজ নিহত হয়েছে।
নিহত মফিজের মা মাহফুজা বেগম বলেন, রাশিয়ায় যাওয়ার পর আমার ছেলে আমাকে ফোন করে বলে তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল সেই কাজ না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এখন আমি আমার ছেলের মুখটা দেখতে চাই। আমার ছেলের লাশটা দেশে এনে দেন। আমি এই দালাল চক্রের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
পূর্বকোণ/রাকিব/পারভেজ

















