চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের রশিদা পুকুর এলাকায় কৌশলে চুরি করতে আসা পাঁচ নারীকে পুলিশে দিয়েছে জনতা।
তারা হলেন- হেলেনা আকতার (৩৫), ঝুমুর (২৫), কুলসুম (৪০), রুনা (৪০) ও রিনা (৪৫)। এরা কিশোরগঞ্জ, নোয়াখালী ও ফেনীর জেলার বাসিন্দা।
সোমবার (১৫ জুন) দুপুরে আজম মার্কেটে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ নারী আজম মার্কেটের একটি কক্ষের তালা ভেঙে ফেলে। এছাড়া তাদের অন্যান্য আচরণ ও গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে স্থানীয়দের তারা জানান, একজন ঠিকাদার তাদের কাজ করতে আজম মার্কেটে পাঠিয়েছে। তাদের দেওয়া বক্তব্যের সত্যতা না পাওয়ায় স্থানীয়রা ওই নারীদের আটকে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত পাঁচ নারীকে থানায় নিয়ে আসেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই পাঁচ নারীকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বিস্তারিত যাচাই-বাছায় চলছে।
পূর্বকোণ/পিআর


















