নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট (রিনিউএবল এনার্জি সার্টিফিকেট-আরইসি) উন্নয়নের সম্ভাবনা অনুসন্ধানে এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড এবং গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনস কো. লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের বারকোড ফুড জাংশনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পিডব্লিউসি জাপান, গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনস এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিবেশবান্ধব শিল্পায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন নির্গমন কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পরে অতিথিরা এন. মোহাম্মদ গ্রুপের শিল্পকারখানা পরিদর্শন করেন এবং উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় প্লাস্টিক ক্রেডিট, এন. মোহাম্মদ গ্রুপের আসন্ন সৌরবিদ্যুৎ (সোলার পিভি) প্রকল্প থেকে নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট (আরইসি) উন্নয়নের সম্ভাবনা এবং পরিমাপযোগ্য কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ।
এন. মোহাম্মদ গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মনজুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হকসহ এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।
অন্যদিকে সফরকারী প্রতিনিধিদলে ছিলেন পিডব্লিউসি জাপানের ইউজি ইয়োশিদা, গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনসের কেনইচি উয়েয়ামা এবং জাইকার একজন প্রতিনিধি।
এন. মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. মনজুরুল হক বলেন, দায়িত্বশীল শিল্পায়ন ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। এই সমঝোতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেকসই চর্চাকে প্রতিষ্ঠানের উৎপাদন ও জ্বালানি ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক বলেন, পুনর্ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থায় এন. মোহাম্মদ গ্রুপ ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনসের কারিগরি দক্ষতা এবং পিডব্লিউসি জাপান ও জাইকার প্রতিনিধিদের সম্পৃক্ততা প্রতিষ্ঠানের টেকসই উদ্যোগকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলবে।
সমঝোতা স্মারকের আওতায় আগামী দিনে দুই প্রতিষ্ঠান কারিগরি আলোচনা, সম্ভাব্যতা যাচাই এবং যৌথ সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে এন. মোহাম্মদ গ্রুপের পরিকল্পিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে আরইসি উন্নয়নের সম্ভাবনা মূল্যায়নের পাশাপাশি প্লাস্টিক ক্রেডিট ও কার্বন ক্রেডিট-সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলোও যৌথভাবে অনুসন্ধান করা হবে।
প্রতিষ্ঠানটির আশা, এ অংশীদারত্ব পরিবেশগত প্রভাব কমানো, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বাংলাদেশে টেকসই ও স্বল্প-কার্বনভিত্তিক শিল্পায়ন এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূর্বকোণ/সারোয়ার















