চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

উপজেলা সংবাদদাতা

২১ জুন, ২০২৬ | ১০:২২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত চারটি মোটরসাইকেলও।

 

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, শনিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫-এর আভিযানিক দল। এ সময় ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা সড়কে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পায় র‌্যাব।

 

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে ধাওয়া করে আবসার মিয়া (২০) নামে এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

আটক আবসার মিয়া টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট