চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

লামায় বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

লামায় বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ মোতায়েন

লামা-আলীকদম সংবাদদাতা

২০ জুন, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শনিবার (২০ জুন) সকালে উপজেলার সরই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধাশ্রমের জায়গার মালিকানা নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলসহ একটি সালিশি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদের পক্ষ থেকে বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলেও প্রতিপক্ষ কোনো দলিল দেখাতে পারেনি। এর পরপরই সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং গফুর ম্যানেজারের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

 

এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট