চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কুতুবদিয়ায় দলিল জালিয়াতি, সেই ইউপি সচিবসহ ৯ জনকে কারাগারে

কুতুবদিয়ায় দলিল জালিয়াতি, সেই ইউপি সচিবসহ ৯ জনকে কারাগারে

কুতুবদিয়া সংবাদদাতা

৬ জুলাই, ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় দলিল জালিয়াতির মাধ্যমে খতিয়ান সৃজন ও জমি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পরোয়ানাভুক্ত ইউপি সচিবসহ ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সোমবার (৬-জুলাই) ওই আসামিরা কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদনের পর কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের সচিব এস,এম জাকের হোছাইনসহ ১০ আসামির মধ্যে ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে বিচারক কাজী শরিফুল ইসলাম তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আসামিরা হলেন, উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা আমির হোছাইন, দেলোয়ার হোছাইন, মো. আকতার হোছাইন, মো. নুরুল বশর, মো. হাছান, মো. হোছাইন, রকিবুল বশর ও মো. নুরুল আমিন। মামলায় অপর এক আসামি পলাতক রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে আদালত সূত্র জানায়, এর আগে গত ২৩-জুন পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কক্সবাজার কর্তৃক দাখিলকৃত মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত মামলার ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

মামলার নথি অনুযায়ী, বাদী শহিদুল ইসলামের বৈধভাবে ক্রয় করা জমির দলিল থেকে একটি দাগ নম্বর ঘষামাজার মাধ্যমে তা নিজেদের দলিলে ব্যবহার করেন আসামিরা। পরে সেই জাল দলিলের ভিত্তিতে একটি নতুন খতিয়ান সৃজন করে জমির মালিকানা দাবি ও জবর দখলের চেষ্টা চালানো হয়।

 

বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ানটি বাতিল করেন। কিন্তু এরপরও অভিযুক্তরা সংশ্লিষ্ট জমি দখলের চেষ্টা অব্যাহত রাখলে প্রতিকার চেয়ে আদালতে জালিয়াতির মামলা দায়ের করেন ভুক্তভোগী।

 

এদিকে আদালতের এ আদেশকে কেন্দ্র করে দ্বীপজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দলিল জালিয়াতির মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের কঠোর অবস্থান ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট