ভূমির নামজারি ও বিক্রিতে প্রতারণার মামলায় জেলে থাকা সন্দ্বীপের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দক্ষিণা রঞ্জন মজুমদার ও তার স্ত্রী হ্যাপী রানী নন্দীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২১ জুন) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস.এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট বিশ্বজিত ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাল-জালিয়াতি ও প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ৫৫ নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দক্ষিণা রঞ্জন মজুমদার (৪২) এবং তার স্ত্রী হ্যাপী রানী নন্দী (৩৫) গত বুধবার (১৭ জুন) একই আদালতে এসে আত্মসমর্পন পূর্বক জামিন চাইতে গেলে আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং সোসাইটি এলাকার আই-ব্লক এলাকায় একা পেয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কান্তি দাশের উপর হামলা করেন শিক্ষক দক্ষিণা রঞ্জন মজুমদার গং। এ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক রতন দাশ বাদী হয়ে সিএমএম আদালতে একটি সি.আর মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে পিবিআই চট্টগ্রাম মেট্টোকে নির্দেশ দেন। পিবিআই’র নিরপেক্ষ দীর্ঘ তদন্তে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জায়গা রেজিস্ট্রি এবং অবসরপ্রাপ্ত শিক্ষককে মারধরের ঘটনা প্রমাণিত হয়। পিবিআই থেকে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করার পর আদালত মামলার অভিযুক্ত সন্দ্বীপ উপজেলার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দক্ষিণা রঞ্জন মজুমদার ও তার স্ত্রী হ্যাপী রানী নন্দীসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত বুধবার (১৭ জুন) আদালতে এসে আত্মসমর্পন করেন আসামিরা।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















