চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা নাজিম উদ্দীন ফরিদকে (৪৯) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। ফরিদ ওই ইউনিয়নের উদালিয়া মোহসেনা পাড়া গ্রামের মৃত মাওলানা বাদশা আলমের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদের বিরুদ্ধে গত ৭ জুন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু হয়েছিল এবং তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে ফরিদ ও তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে সহযোগীরা পালিয়ে যায় এবং সেই মুহূর্তে ফরিদকে আটক করা হয়। এই সংঘর্ষে পুলিশের ৩ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল এবং ৬টি আতশবাজি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপণ নাথ ও রায়হান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এবং বিস্ফোরক আইনে ফরিদের বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আটককৃত আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















