ক্রিকেট খেলাই যার কাছে নেশা, তার কাছে রেকর্ড গড়া বা ভাঙা যেন মামুলি। ভারতের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ডেও তোলপাড় লাগিয়েছেন। গতকাল ডাম্বুলায় লঙ্কান বোলারদের নাকের জল চোখের জল এক করে মাত্র ১১ বলে ফিফটি করেছেন তিনি। ফিফটি করে ভেঙে দিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির ২১ বছর পুরোনো রেকর্ড।
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ‘এ’ দলের টুর্নামেন্টের ফাইনালে রোববার ইনিংসটি উপহার দেন সুরিয়াভানশি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছে ভারত ‘এ’ দল। ডাম্বুলায় এ দিন প্রথম ওভারে দুটি বল খেলে দুটিতেই চার মেরে যাত্রা শুরু হয় সুরিয়াভানশির। তৃতীয় ওভারে মোহামেদ শিরাজকে গুঁড়িয়ে তিন ছক্কা ও দুই চারে রান নেন ২৬। তিন ওভারেই পঞ্চাশ পেরিয়ে যায় ভারত ‘এ’ দল। পরের ওভারে একটি চারের পর টানা দুটি ছক্কায় পূর্ণ করেন ফিফটির রেকর্ড।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটি এতদিন ছিল ১২ বলে। ২০০৫ সালে শ্রীলঙ্কার কৌশাল্য উইরারাত্নে গড়েছিলেন রেকর্ডটি।
ফিফটির পরের বলেই চার মারেন আরেকটি। চার-ছক্কার ঝড় তার চলতেই থাকে। নবম ওভারে লঙ্কান দলপতি সাহান আরাচ্চিগের বলে নান্দনিক এক ছক্কা মারেন এক্সট্রা কাভার দিয়ে। কিন্তু ওই ওভারেই থামতে হয় তাকে। শ্রীলঙ্কার হয়ে পাঁচটি ওয়াডে খেলা অফ স্পিনিং অলরাউন্ডার দলকে বড় স্বস্তি এনে দেন সুরিয়াভানশিকে বিদায় করে।
৯৪ রান করে তিনি যখন ফিরছেন, ৮.৫ ওভারে ভারতের রান তখন ১৩২!
এই যে গত এক মাসে চার দফায় অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের শেষ চার ম্যাচের তিনটিতে তিনি করেন ৩৮ বলে ৯৩, ২৯ বলে ৯৭ ও ৪৭ বলে ৯৬। সামনেই তাকে জাতীয় দলের হয়ে দেখা যাবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে।
পূর্বকোণ/পিআর
















