রাঙামাটির নানিয়ারচরে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার রাবার বাগান এলাকার একটি পুকুর থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।
জানা যায়, নানিয়ারচর উপজেলার রাবার বাগান এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকার সেগুন কাঠ (গোলকাঠ) চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া কাঠগুলো রামহরিপাড়া ও তক্ষশীলা এলাকার সড়ক ব্যবহার করে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণমাছড়া এলাকায় একটি পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করেন।
পরে কাঠের মালিক মো. সোহেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাঠসমূহ শনাক্ত করতে সক্ষম হন। উদ্ধার কাঠ নিরাপদে মালিকের নিকট হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
সেনাবাহিনীর এত দ্রুত পদক্ষেপের ফলে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এ ঘটনায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
নানিয়ারচার জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মশিউর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর

















