চট্টগ্রামের হাটহাজারীতে ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মো. শাহিন (২৮) নামে এক হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান। নিহত শাহিন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা।
এর আগে সকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বি.বি ব্রিকস থেকে ইট বোঝাই করে একটি ট্রাক চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে উঠার আগে দক্ষিণ খীলপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকটির চালক কৌশলে বের হতে পারলেও চালকের সহকারী শাহিন গাড়ির ভিতরে আটকা পড়ে।
পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দলের সদস্যদের সহযোগিতায় শাহিনের মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















