চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

টেকনাফে দুই গার্ডকে অপহরণ করে মারধরের অভিযোগ

টেকনাফে দুই গার্ডকে অপহরণ করে মারধরের অভিযোগ

টেকনাফ সংবাদদাতা

১৭ জুন, ২০২৬ | ১১:১১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে দুই নাইট গার্ডকে অপহরণ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ বুধবার (১৭ জুন) উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীরা হলেন একই এলাকার বাসিন্দা মাঈন উদ্দিন (২৮) ও হেলাল উদ্দিন (২৭)।

 

ভুক্তভোগী মাঈন উদ্দিন বলেন, তারা রঙ্গীখালী বাজারের একটি টমটম গ্যারেজে রাতের পাহারার দায়িত্বে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির সন্দেহজনকভাবে ঘুরাঘুরি তাদের নজরে আসে। বিষয়টি দেখে ফেলায় অস্ত্রের মুখে তাদেরকে তুলে নিয়ে যায়। একটি নির্জন স্থানে আটকে রেখে মারধর করা হয় তাদের। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

 

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় বাধা হতে পারে এমন আশঙ্কা থেকে ওই দুজনকে ভয়ভীতি দেখাতে অপহরণ ও নির্যাতন করা হয়েছে| অপহরণকারীরা বিভিন্ন মামলার আসামি এবং ভুক্তভোগীদের আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে সন্দেহ করেই এ ঘটনা ঘটিয়েছে।

 

আহত মাঈন উদ্দিনের চিকিৎসার বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাঈদ চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে তাকে মারধর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অন্য ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, অস্ত্রধারী কয়েকজন লোক তাদের তুলে নিয়ে যায়। মাঈন উদ্দিনকে লোহার রড দিয়ে বেশি মারধর করা হয়েছে। তার অবস্থা গুরুতর।

 

ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হ্নীলার রঙ্গীখালী এলাকায় দুজনকে অপহরণের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট