কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দালালের দৌরাত্ম্য রোধ এবং বিভিন্ন ফার্মেসিতে অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন দেখা যায়, কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ফার্মেসিকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার জানান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জনস্বার্থে এবং দালাল চক্রের বিরুদ্ধে উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















