চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম রেঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২২ সদস্যসহ ৮৫১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৬ | ৬:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারমধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৩০ জন, কক্সবাজারে ৯, কুমিল্লায় ২৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১১, নোয়াখালীতে ১৭, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৪, রাঙামাটিতে ৫ এবং খাগড়াছড়িতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) অভিযানের তথ্য রোববার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন।

 

এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জন মাদকসেবীকে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯২ জন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৫টি মামলা হয়েছে। অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা বড়ি, ৩৩ কেজি গাঁজা, ১০ বোতল হুইস্কি, ২৭৬টি ট্যাপেন্টাডল বড়ি এবং ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। 

 

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সবচেয়ে বেশি ১৯৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ২৬, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ২২ এবং বান্দরবানে ৬ জনকে আটক করা হয়।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট