রান্নার স্বাদ বাড়াতে প্রতিদিনই প্রয়োজন পেঁয়াজ, রসুন ও আদা। বাজারে এই তিন পণ্যের দাম বাড়লে বাড়তি চাপ পড়ে সংসারের হেঁশেলে। তবে এবার কিছুটা স্বস্তির খবর দিচ্ছে দেশের অন্যতম বৃহত্তম পাইকারিবাজার খাতুনগঞ্জ। কমেছে তিন পণ্যেরই দাম। সবচেয়ে বেশি কমেছে আদার দাম, কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত দরপতন হয়েছে এই পণ্যের। রসুনের দাম কমেছে ২৮ থেকে ৩৩ টাকা এবং পেঁয়াজের দাম ১২ টাকা।
খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকায়। এখন তা নেমে এসেছে ২৮ থেকে ৩৩ টাকায়। একইভাবে প্রতি কেজি রসুনের দাম ১৪০-১৪৫ টাকা থেকে কমে ১১২ টাকায় বিক্রি হচ্ছে। আর আদার দাম ১১৫-১২০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়।
তিন পণ্যের মধ্যে আদার দামেই সবচেয়ে বড় পতন হয়েছে। আগের তুলনায় কেজিতে প্রায় এক-তৃতীয়াংশ কমেছে এর দাম। রসুনের দামও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। পেঁয়াজের দাম কমেছে তুলনামূলক কম।
দাম কমার পেছনে কী কারণ জানতে আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে, তারা জানান পাইকারি ও খুচরা বাজারে চাহিদার তুলনায় পণ্য বেশি রয়েছে। এখন দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা পেঁয়াজ, রসুন ও আদার পর্যাপ্ত সরবরাহ বাজারে চাপ তৈরি করেছে। এ কারণে দামও কমেছে।
খাতুনগঞ্জের পেঁয়াজ-রসুন বিক্রির অন্যতম পাইকারি প্রতিষ্ঠান মেসার্স কাজী স্টোরের স্বত্বাধিকারী মো. জাবেদ ইকবাল পূর্বকোণকে বলেন, এখন পেঁয়াজ, রসুন, আদার মৌসুম। সেজন্য নতুন দেশি পেঁয়াজ বাজারে আসছে। একইসঙ্গে আমদানি করা এসব মসলার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ কারণে বড় দরপতন হয়েছে।
পাইকারিতে দাম কমার প্রভাব পড়তে শুরু করেছে খুচরায়। এতে স্বস্তি পাচ্ছেন ভোক্তারা। গতকাল শনিবার বিকেলে বহদ্দারহাট এলাকায় ভ্যানে আড়াইকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১০০ টাকায়। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে ৪০টাকা। সেই পেঁয়াজ কিনছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিহাব উদ্দিন। তিনি পূর্বকোণকে বলেন, ‘বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় কম দামে পাচ্ছি। এখন পেঁয়াজ, রসুন, আদার দামও কমেছে। এভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলে আমরা নিম্ন ও মধ্যবিত্তরা স্বস্তিতে থাকি।’
পূর্বকোণ/ইবনুর

















