চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টানা ১০ জয়ের পর হারল রিয়াল, বেলিংহামের লাল কার্ড

টানা ১০ জয়ের পর হারল রিয়াল, বেলিংহামের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ

লা লিগায় ঘরের মাঠে অপ্রত্যাশিত হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। আলাভেসের কাছে হেরে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচের জয়যাত্রা থেমেছে তাদের। চলতি মৌসুমে নিজেদের মাঠে এটিই রিয়ালের প্রথম হার।

শনিবার (২৮ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে আলাভেস। প্রথমার্ধে তোনি মার্তিনেস এবং দ্বিতীয়ার্ধে আনহেল পেরেজ গোল করেন। কিলিয়ান এমবাপে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি স্বাগতিকেরা।

ম্যাচের ২২তম মিনিটে রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেনের ভুলে এগিয়ে যায় আলাভেস। প্রতিপক্ষের চাপে বলের নিয়ন্ত্রণ হারান হুইসেন। বল পেয়ে গোলকিপার থিবো কোর্তোয়াকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেস। ইব্রাহিমা কোনাতের চেষ্টা সত্ত্বেও বল গোললাইন পেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবদে রেব্বাচের গোলে ব্যবধান বাড়িয়েছিল আলাভেস। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেরেজ। মারিয়ানোর চমৎকার উঁচু করে বাড়ানো পাস পেয়ে রিয়ালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কোর্তোয়াকে কাটিয়ে জালে বল পাঠান তিনি।

এরপর আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ইয়ান দিয়োমান্দে ও জুড বেলিংহ্যামের তৈরি করা আক্রমণ থেকে বক্সের ভেতর বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান কমান এমবাপে।

ম্যাচের ৮৬তম মিনিটে বেলিংহামকে ফাউলের অভিযোগে রিয়ালকে পেনাল্টি দেন রেফারি। তবে ভিএআরের সহায়তায় মাঠের পাশের মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান তিনি। এর আগে ৭৪তম মিনিটে রেফারির সঙ্গে অসদাচরণের জন্য হলুদ কার্ড দেখেছিলেন ইংলিশ মিডফিল্ডার। পেনাল্টির সিদ্ধান্ত বদলের পর ডাইভিংয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

এই হারে লা লিগার তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে আলাভেস। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রবিবার তারা মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুনিয়ার।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন