কক্সবাজারের টেকনাফে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) মো. শাহাদাত হোসেন নাঈম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল দমদমিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/প্রান্ত

















