চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ | ১:২০ অপরাহ্ণ

নির্দলীয় ইউপি নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ, সেক্ষেত্রে দলভিত্তিক কোনো এজেন্ডাও থাকবে না বলে মনে করেন তিনি। এজন্য সবার সহযোগিতা চান সিইসি।

রবিবার (২৯ নভেম্বর) সকালে,আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরুর সময় সূচনা বক্তব্য দেন সিইসি। এসময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় সিইসি বলেন, ‘সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই-এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই,। দলীয় ভিত্তিতেক যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারো থাকার কথা নয়।’

সিইসি রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করার কথা তুলে ধরে বলেন, ‘আমাদের দেশে নির্বাচনকে বিশেষায়িত করা হয়-অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন।’

তিনি বলেন, ‘কোনো ধরনের সহিংসতা ছাড়াই এ নির্বাচন উপহার দিতে পেরেছি। স্থানীয় নির্বাচনও একইভাবে করতে চায় ইসি।’

সিইসি আরো বলেন, ‘ইউপি দিয়ে স্থানীয় ভোট শুরু করতে চাই। মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। সাড়ে চার হাজার ইউপির ভোট দিয়ে শুরু করতে চাই। পাঁচ ভাগে ভোট হবে, ২১ জানুয়ারি থেকে শুরু হবে। সুষ্ঠু, সুন্দর, অবাধ করতে চাইা’

নির্দলীয় নির্বাচন হলেও রাজনৈতিক দলের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন সিইসি।

তিনি বলেন, ‘এখানে দলীয় প্রতীক থাকবে না, স্বতন্ত্র প্রার্থীর মতো প্রতীক পাবে। দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও দল সমর্থনপুষ্ট অনেক প্রার্থী থাকবেন। দলের অনেক নেতাদের ব্লেসিং থাকবে। এ নির্বাচনে আপনাদের সহযোগিতা দরকার। প্রত্যেক দলের নেতাদের প্রভাব থাকে।’

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। সুষ্ঠু, সুন্দর নির্বাচন চাই। আমরা স্বচ্ছ। সব কাজ জাতির সামনে উন্মুক্ত থাকবে। দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারো থাকার কথা নয়।’

স্থানীয় নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ আসবে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান বলে মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘যত চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসবে-সব আপনাদের নিয়ে আমরা মোকাবেলা করতে চাই। বিরোধী দলও স্থানীয় নির্বাচন চেয়েছে। সবাই এক দাবি করছে। ইউপি ভোটের পর সিটি, পৌর, উপজেলা ও জেলা ভোট রয়েছে। ধাপে ধাপে সব নির্বাচন করবো, সেভাবে কৌশল নিতে হবে।’

মৌলভীবাজারে চা শ্রমিকদের ভোটের পরিবেশের বেশ প্রশংসা করে সিইসি বলেন, ‘গতকাল চা শ্রমিকদের নির্বাচন হয়েছে। মনে হয়েছে, ইলেকশনের ব্যাপারে তারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত। নির্বিঘ্নে ভোট হয়েছে, কোনো ঝামেলা নেই। এটা দেখে আমার খুব এনারেজিং মনে হয়েছে। টি গার্ডেন এসোসিয়েশন যদি এমন নির্বাচন উপহার দিতে পারে, তাহলে আমরা দলগুলো মিলে কেন এমন নির্বাচন করতে পারবো না!’

তিনি বলেন, ‘আমরা সবার সহযোগিতা চাইব, সামনে বছরব্যাপী নির্বাচন হবে। আপনাদের পরামর্শ নেব। ওয়াদা চাই আপনারা সহযোগিতা করবেন। অতীতেও সহযোগিতা করেছেন, এবারও সহযোগিতা করবেন এ আত্মবিশ্বাস আমাদের আছে।’

সংলাপে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন,জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা।

এর বাইরে জামায়াত, এলডিপি-সহ ১১ দলীয় ঐক্য পরবর্তীতে অংশ নেবে। জাতীয় পার্টির কোনো প্রতিনিধি সংলাপে অংশ নেয়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট