চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

খেলাপি ঋণ আদায়ে পাঁচ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত

খেলাপি ঋণ আদায়ে পাঁচ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ | ৭:০৬ অপরাহ্ণ

খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
 
রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-২-এর একটি সার্কুলারের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
 
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার, হুদহুদ সলিউশন পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেনস অলটারনেটিভ ডিসপিউট রেজুলিউশন হাউস।
 
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০ আগস্ট বিআরপিডি-২ সার্কুলার নম্বর-৪-এর মাধ্যমে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়।
 
এরপর ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। মোট ২৩টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়নের পর ন্যূনতম যোগ্যতা অর্জন করায় এই পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এবং সময় সময় হালনাগাদ করা এডিআর-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে মেনে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে।
 
বিবদমান পক্ষগুলো এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে। ঋণগ্রহীতা, ঋণদাতা ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তি করা যাবে। এ ছাড়া অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় ইতোমধ্যে দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার সুযোগ থাকবে।
 
কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মধ্যস্থতা কার্যক্রমের পরিধি বাড়ানো এবং তালিকায় আরও বেশি যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে শিগগিরই দ্বিতীয় পর্যায়ে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট