শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েক শ ককটেল বিস্ফোরণ এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ও একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়।
নিহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে আওয়ামী লীগ কর্মী নিজামউদ্দিন মৃধা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই নাওডোবা এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ৩০০ থেকে ৪০০টি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দও শোনা যায়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবু, ২০ থেকে ২৫টি মোটরসাইকেল এবং পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশের একটি রেস্তোরাঁ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন, পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে সরে যান।
সংঘর্ষের খবর পেয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে গেলে পুলিশ নাওডোবা এলাকা থেকে ইব্রাহিম সিপাহীর লাশ উদ্ধার করে।
শরীয়তপুর সদর থানার ওসি শাহ আলম জানান, ইব্রাহিমের শরীরে একটি ছিদ্র পাওয়া গেছে, তবে তা গুলির কি-না ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে, শিবচর থানার ওসি কামাল হোসেন নিশ্চিত করেছেন, সংঘর্ষে গুলিবিদ্ধ নিজামউদ্দিন মৃধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনার জেরে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। জাজিরা থানা-পুলিশ জানিয়েছে, সকাল নয়টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে পুনরায় যান চলাচল শুরু হয়।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















