রাজবাড়ীর পাংশায় দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ও বরগুনা সদরে একটি কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে নীলফামারীতে চারটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার এসব ঘটনায় কেউ হতাহত হননি।
গতকাল শনিবার গভীর রাতে পাংশার মৌরাট ও শরিষা ইউপির বারান্দার জানালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কিছু আসবাব ও জানালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’কর্মসূচিকে কেন্দ্র করে এই নাশকতা হয়ে থাকতে পারে।
মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বারান্দায় আগুন দিয়ে কিছু আসবাব পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে শরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, মৌরাটে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ছুড়ে ও শরিষায় মশালজাতীয় কিছু দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে গতকাল রাত ১২টার দিকে বরগুনা সদরের ফুলঝুড়ি ইউনিয়নের গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকের জানালার কাচ ভেঙে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের সহায়তায় ২০ থেকে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সামনের দরজা ও পেছনের কক্ষের মালামাল পুড়ে যায়।
ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী খাদিজা বেগম ও সিএইচসিপি মাকসুদা মায়া আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করেন। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদ মুর্শিদ বলেন, ক্লিনিকে আগেও চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্তে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়।
এদিকে আজ রবিবার সকাল ৯টার দিকে নীলফামারী শহরের অদূরে বন বিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো সন্দেহজনক চারটি বস্তু উদ্ধার করে পুলিশ। সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, এগুলো ককটেল কি না তা নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















