চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পরস্পরবিরোধী দোষারোপ চসিক ও ওয়াসার 

সিমেন্ট ক্রসিং মোড়ে সড়ক খোঁড়াখুঁড়ি

পরস্পরবিরোধী দোষারোপ চসিক ও ওয়াসার 

নিজস্ব প্রতিবেদক 

২৯ নভেম্বর, ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ

নগরীর ইপিজেড এলাকার সিমেন্ট ক্রসিং মোড়ে সড়ক খোঁড়াখুঁড়ি নিয়ে  পরস্পরবিরোধী অভিযোগ করেছে সরকারের গুরুত্বপূর্ণ দুই সংস্থা। গত শুক্রবার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ফেসবুক থেকে লাইভ হওয়া সড়ক খোঁড়াখুঁড়ির জন্য ওয়াসাকে দোষারোপ করা হয়।
 
ফেসবুক ফেইজে বলা হয়, ‘মাত্র নতুন কার্পেটিং করা সিমেন্ট ক্রসিং মোড় কোন ধরনের অনুমোদনবিহীন ওয়াসার খোঁড়াখুঁড়ির শিকার!’ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ফেসবুক ফেইজের এ পোস্টের গতকাল শনিবার প্রতিবাদ জানায় চট্টগ্রাম ওয়াসা।
 
সংস্থাটি জানায়, ‘গত ২৭ নভেম্বর রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ফেসবুক থেকে লাইভ হওয়া একটি ঘটনা চট্টগ্রাম ওয়াসার নজরে এসেছে। এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার বক্তব্য হচ্ছে- ‘সিমেন্ট ক্রসিং এলাকায় নতুন রাস্তায় ওই সময়ে ওয়াসার কোন কাজ করা হয়নি। লাইভ ভিডিও বর্ণনামতে বার বার এটি ওয়াসার কাজ বলা হলেও বাস্তবে এটি ওয়াসার কাজ না। কোন সংস্থা রাস্তা খোঁড়াখুঁড়ি করছে সঠিকভাবে না জেনে অন্য একটি সরকারি সংস্থার উপর জনসম্মুখে দায়ভার চাপানো অনাকাক্সিক্ষত। এ ধরনের অনভিপ্রেত কাজের জন্য চট্টগ্রাম ওয়াসার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ভবিষ্যতে সঠিকতা যাচাই না করে এ ধরনের অভিযোগ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। এছাড়াও অনুমোদনবিহীন রাস্তা কর্তন করা হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইনগত ব্যবস্থা গ্রহণ করলে চট্টগ্রাম ওয়াসা এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে।’
 
এ বিষয়ে জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি পূর্বকোণকে বলেন, ‘ওয়াসার পাইপলাইন লিকেজ হলে এটির সংস্কার কাজ করার জন্য সড়ক কর্তন করে ওয়াসা। ঘটনাস্থলে সিটি কর্পোরেশনের লোক গেলে এ তথ্য পান।’
 
জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম পূর্বকোণকে বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের এ বক্তব্য সত্য নয়। ওখানে আমাদের কোন পাইপলাইন লিকেজ হয়নি। সেখানে ইপিজেডের একটি নিজস্ব পাইপলাইন লিকেজ হয়েছে। যেটির সাথে ওয়াসা সম্পৃক্ত নয়। এ পাইপলাইনের মাধ্যমে তারা কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধনের পর ব্যবহার করে। নগরীতে ওয়াসার কোন পাইপলাইনের কাজ হলে আমরা চসিককে লিখিত চিঠি দিয়ে কাজ করি।’ 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট