চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

যুবলীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জামায়াতের

যুবলীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জামায়াতের

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ | ৭:২৬ অপরাহ্ণ

কুমিল্লার তিতাসে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক যুবলীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার বিকেলে তিতাস থানায় পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও গাড়ি আটকে বিক্ষোভের এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠায় পুলিশ।
 
গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন সরকার (৫৪) উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা কমিটির সদস্য এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। তবে জামায়াতের দাবি, গিয়াস উদ্দিন তাদের কর্মী এবং বলরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার পর কালাইগোবিন্দপুর গ্রাম থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিলে স্বজন ও জামায়াতের নেতা-কর্মীরা থানায় এসে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি আটকে স্লোগান দেন। উত্তেজনাকর পরিস্থিতিতে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে এগিয়ে এলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসামিকে কুমিল্লায় পাঠায়।
 
তিতাস উপজেলা জামায়াতের আমির শামীম সরকার বলেন, শুক্রবার বিকেলে সাংগঠনিক সভা শেষে মাগরিবের নামাজের সময় গিয়াসকে গ্রেপ্তার করা হয়। রাতে থানায় গিয়ে কমিটির তালিকা দিয়ে তার দলীয় পরিচয় নিশ্চিত করা হয়েছিল। পরদিন দুপুরে ওসির কথা বলার আশ্বাস থাকলেও না জানিয়ে আদালতে পাঠানোর চেষ্টা করায় তর্কবিতর্ক হয়। গিয়াস উদ্দিনকে নিরীহ দাবি করে তিনি বলেন, বিষয়টি পুনঃতদন্তের দাবি জানিয়ে তারা চলে এসেছেন।
 
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, গিয়াস উদ্দিন আগে যুবলীগ করলেও পরে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।
 
তিতাস থানার ওসি মমিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ যুবলীগ নেতা হিসেবেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া বিকেলে পুলিশের সঙ্গে পূর্বনির্ধারিত সভা থাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা থানায় উপস্থিত ছিলেন এবং হট্টগোল দেখে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তানভীর নূর বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট