কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে ভারত পেরিয়ে নেপালের দুর্গম হিমালয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন কাপ্তাইয়ের ওয়াগ্গার সাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা। দীর্ঘ ১০৪ দিনের দুঃসাহসিক অভিযানে নেপালের চারটি দুর্গম ট্রেইল, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম গিরিপথ ও পাঁচটি পর্বতশৃঙ্গ জয় করেছেন তিনি।
গত শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার মানাসলু সার্কিটের লারকে লা পাসে পৌঁছে শেষ করেন তাঁর নির্ধারিত অভিযান। সকাল ৯টা ৪৮ মিনিটে লারকে লা পাসের চ‚ড়ায় পৌঁছে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করেন বীর কুমার।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপালে পৌঁছে এই অভিযান সম্পন্ন করা প্রথম বাংলাদেশি ও প্রথম আদিবাসী সাইক্লিস্ট তিনি। গত ১৬ আগস্ট ২০২৬ কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতার স্থান (সি লেভেল জিরো পয়েন্ট) থেকে যাত্রা শুরু করেন বীর কুমার তঞ্চঙ্গ্যা। ভারত হয়ে নেপালে পৌঁছে শুরু করেন দুর্গম পাহাড়ি পথ ও পর্বতশৃঙ্গ জয়ের অভিযান। দীর্ঘ এই যাত্রায় প্রচণ্ড গরম, হাড়কাঁপানো শীত, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পথ, শারীরিক ক্লান্তি ও আর্থিক সংকটের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাঁকে।
অভিযানের লক্ষ্য ছিল নেপালের চারটি দুর্গম ট্রেইল-এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয়। পাশাপাশি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা-এই তিনটি গিরিপথ এবং নাংকারশাং পিক, ছুকুং রি পিক, কালাপাথর, গোকিও রি ও পিকে পিকসহ পাঁচটি পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল তাঁর।
বীর কুমার তঞ্চঙ্গ্যা পূর্বকোণকে জানান, গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প, ৪ নভেম্বর ৫ হাজার ৪১৬ মিটার উচ্চতার অন্নপূর্ণা সার্কিটের থরং লা পাস এবং ৯ নভেম্বর ৪ হাজার ১৩০ মিটার উচ্চতার অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন তিনি। সর্বশেষ ২৭ নভেম্বর ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাসে পৌঁছে মানাসলু সার্কিটের নির্ধারিত লক্ষ্য পূরণ করেন।
পূর্বকোণ/ইবনুর

















