চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৬ জনকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারায় ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া যাত্রী হয়রানির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও অন্যান্য সেবা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক।
পূর্বকোণ/পিআর

















