চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

সড়ক নিরাপদ করতে সমন্বিত পদক্ষেপ ও গতি নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের

সড়ক নিরাপদ করতে সমন্বিত পদক্ষেপ ও গতি নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৬ | ৮:৫১ অপরাহ্ণ

অতিরিক্ত গতি, নিরাপদ সড়ক ডিজাইনের অভাব এবং ট্রাফিক আইন অমান্য করাসহ বিভিন্ন কারণে ঢাকার সড়কগুলো বর্তমানে অনিরাপদ হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ ডিজাইন, গতিসীমা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

আজ ২৫ জুন সকালে রাজধানীর একটি হোটেলে ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি’ (বিআইজিআরএস)-এর আওতায় ‘যানবাহনের গতি নিয়ন্ত্রণ নির্দেশিকা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।

 

অনুষ্ঠানে ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী সৈয়দ রকিবুল হাসান জানান, ডিএনসিসি’র আওতাধীন সড়কগুলো নিরাপদ করার কাজ চলমান রয়েছে।

 

তিনি বলেন, ডিএমপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোড ক্র্যাশের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে এবং নতুন ডিজাইনের মাধ্যমে সেগুলো নিরাপদ করা হচ্ছে। এছাড়া চালক ও সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে মাস মিডিয়া ক্যাম্পেইনও পরিচালনা করা হচ্ছে।

 

বিআইজিআরএস সমন্বয়কারী মো. আবদুল ওয়াদুদ সড়ক নিরাপত্তার জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, নিরাপদ সড়ক পারাপার এবং গতিসীমা নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে জিআরএসপি-র সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা পিটার জোনস পুলিশ কর্মকর্তাদের রোড ক্র্যাশ প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার এবং চেকপয়েন্ট ব্যবস্থাপনার কৌশল শেখান। প্রশিক্ষণে ‘রেবেকা’র স্বজন হারানোর গল্প’ শীর্ষক একটি ভিডিওচিত্রের মাধ্যমে গতিসীমা মেনে গাড়ি চালানোর গুরুত্ব তুলে ধরা হয়।

 

ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের কনসালটেন্ট ফারজানা ইসলাম তমা নিরাপদ ডিজাইনের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের বিষয়ে আলোকপাত করেন। সমাপনী অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং এ ধরনের প্রশিক্ষণ আরও বাড়ানোর অনুরোধ জানান।

 

এই দিনব্যাপী প্রশিক্ষণে ডিএমপির ট্রাফিক সার্জেন্ট ও পরিদর্শক পদমর্যাদার ৩০ জন সদস্য এবং ডিএনসিসি’র ৫ জন প্রকৌশলী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিআরএস-এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. গোলাম হোসেন ও ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর ইঞ্জি. রেজাউর রহমান।

 

 

পূর্বকোণ/সাইফুল/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট