কক্সবাজারের মেরিনড্রাইভে ছিনতাই হওয়া এক কিশোর চালকের অটোরিকশা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ জুন) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৩ জুন সন্ধ্যায় টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ছিনতাইকারীরা এক কিশোর চালককে মারধর করে তার অটোরিকশাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর আতঙ্কগ্রস্ত ও কান্নারত অবস্থায় ওই কিশোর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সি-বিচ বিওপিতে পৌঁছে বিজিবি সদস্যদের কাছে আশ্রয় ও সহায়তা প্রার্থনা করে।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিজিবি অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় অভিযানে নামে। প্রচণ্ড বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিজিবি সদস্যরা টেকনাফের নোয়াখালীপাড়া ও কচ্ছপিয়া এলাকার বিভিন্ন সম্ভাব্য স্থানে দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা নিবিড় তল্লাশি চালায়। একপর্যায়ে রাত ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার একটি নির্জন স্থান থেকে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানকালে ছিনতাইকারী চক্রের কাউকে আটক করা সম্ভব না হলেও, দ্রুততম সময়ের মধ্যে অটোরিকশাটি উদ্ধার হওয়ায় ভুক্তভোগী কিশোর ও তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে বিজিবি কর্তৃপক্ষ উদ্ধারকৃত অটোরিকশাটি ওই কিশোরের পরিবারের নিকট হস্তান্তর করেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















