চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর মা মাছ ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নদী থেকে মোট ৬ হাজার মিটার অবৈধ ভাসা জাল জব্দ করা হয়েছে।
অভিযানটি হালদা নদীর রামদাস মুন্সীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এবং হালদা অস্থায়ী ক্যাম্পের ইন-চার্জ হাবিবুর রহমান। অভিযানে এএসআই রমজান আলীসহ নৌ পুলিশের একটি দল এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে নদী থেকে ৩টি বড় অবৈধ ভাসা জাল এবং আরও ১টি ভাসা জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই জালগুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এ প্রসঙ্গে বলেন, “হালদা নদীকে কার্পসহ সকল প্রকার মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে। হালদার মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ড রোধে এবং মা মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।”
পূর্বকোণ/সিজান/পারভেজ















