চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাতভর শোয়ার ঘরেই ছিলো পদ্মগোখরো

রাতভর শোয়ার ঘরেই ছিলো পদ্মগোখরো

পূজন সেন

১১ জুলাই, ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

বানের পানিতে নিমজ্জিত ঘরের চারপাশ। শোয়ার ঘরেই রেখেছেন বাচ্চাসহ মুরগি। মধ্য রাতে মা মুরগির ঝাঁপটা ঝাঁপটিতে ঘুম ভাঙে মো.আলমগীরের।

 

তিনি জেগে লাইট জ্বালিয়ে দেখেন, ফণা তোলা এক সাপের সাথে লড়াইয়ে মত্ত মুরগিটি। নিজের সদ্যজাত ছানাগুলোকে বাঁচাতেই মুরগিটির এই লড়াই।

 

লাইট জ্বালানোতে সাপটি খাটের নিচে চলে যায়। বিপদ ঘরেই। কিছুতেই নামতে পারলেন না বিছানা ছেড়ে আলমগীর। ততক্ষণে মা মুরগি মারা গেল চোখের সামনেই।

 

গতকাল শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরখিজিরপুর গ্রামের মোল্লা বাড়ির মো.আলমগীরের ঘরে এ ঘটনা ঘটেছে।

 

সকালে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি আজ (শনিবার) বিকেল ৩টায় উদ্ধার করেন।

 

তিনি বলেন, এটি পদ্মগোখরো সাপ। বিষধর। বদমেজাজি এই সাপটি সম্ভব বাড়ির চারপাশে পানি থাকায় ঘরে ঢুকে পড়েছিলো। মুরগির ছানা খেতে গেলে মা মুরগি হয়তো ছানাদের রক্ষায় সাপটিকে বাধা দেয়। সাপের ছোবলে মা মুরগিটি মারা গেছে।

 

দিনভর তল্লাশি চালিয়ে আড়াই ফুট দৈর্ঘ্যের পদ্মগোখরোটি লাকড়ির স্তূপে পাওয়া যায়। সাপটি উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে।

 

শাওন জানান, চারপাশে পানির কারণে সাপ বসতবাড়িতে ঢুকে পড়তে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে। আতঙ্কের কিছু নেই।

 

মো.আলমগীর বলেন, ঘর বলতে মাটির একটি কক্ষে পরিবার নিয়ে থাকি। বাইরে রান্নার ঘর। বারান্দায় লাকড়ির স্তূপ রয়েছে। চারপাশে পানি উঠায় মুরগিগুলো শোয়ার ঘরে রেখেছিলাম। তার মধ্যে এই বিপত্তি আমাদের কঠিন অবস্থায় ফেলে দিয়েছিলো।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট