চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

সর্বশেষ:

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিজ্ঞপ্তি

২৪ জুন, ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ২২ জুন ডেল চেস ক্লাবের উদ্যোগে নবীন দাবাড়ুদের জন্য ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। প্রশিক্ষক ছিলেন সাবেক জাতীয় দাবাড়ু ও আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত খেলোয়াড়, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী এবং ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর রাজীব দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, যারা নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধও বৃদ্ধি পায়। তাই তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহ সকল বিভাগের শিক্ষার্থীদের দাবাসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রশিক্ষক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, দাবা শেখার মাধ্যমে একজন শিক্ষার্থী কেবল খেলার কৌশলই আয়ত্ত করে না, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা, সমস্যা সমাধান, মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পায়। নবীনদের মধ্যে দাবার প্রতি আগ্রহ তৈরি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনি বলেন, দাবা এমন একটি খেলা যা শিক্ষার্থীদের যুক্তিবোধ, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খেলায় মস্তিষ্কের ব্যাপক ব্যবহার হয়, ফলে চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় এবং তা সতেজ ও সক্রিয় থাকে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন বলেন, ভাষা ও সাহিত্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা বিকাশে দাবা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ সৃষ্টি করবে।

 

প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, দাবা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য এবং কৌশলগত চিন্তাশক্তি গঠনে সহায়তা করে। ক্যাম্পাসে এ ধরনের গঠনমূলক কার্যক্রম শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে। ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর রাজীব দত্ত ও সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরীও বক্তব্য রাখেন।

 

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত দাবা চর্চার মাধ্যমে মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান। তাঁরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দাবা চর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি চেস ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট