ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে একদিকে যেমন ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা নিশ্চিত করতে পারেনি ইংল্যান্ড, অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসে গোলশূন্য ড্রয়ের অনন্য এক রেকর্ডও নিজেদের করে নিয়েছে থ্রি লায়ন্সরা। বোস্টনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচটি ছিল বিশ্বকাপে ইংল্যান্ডের ১৩তম গোলশূন্য ড্র, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে গোলের জন্য একের পর এক আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি ইংল্যান্ড। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা দলটি ১৯টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র তিনটি। বিশ্বকাপে গত ২৪ বছরের মধ্যে এই প্রথম কোনো ম্যাচে অন্তত ১৯টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হলো ইংল্যান্ড।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংল্যান্ড কোচ টমাস টুখেল গোল না হওয়ার কারণ জানতে স্ট্রাইকার হ্যারি কেইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে তিনি স্বীকার করেন, তার দল বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।
ইংল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগগুলো আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৭ মিনিটে প্রথমবারের মতো ঘানার গোলমুখে শট রাখতে সক্ষম হয় টুখেলের শিষ্যরা। শেষ দিকে ডিফেন্ডার নিকো ও’রাইলির হেড ঘানার পোস্টে আঘাত হানে। এছাড়া বুকায়ো সাকার দুটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে।
অন্যদিকে রক্ষণাত্মক কৌশলে খেলা ঘানাও পাল্টা আক্রমণ থেকে কয়েকবার সুযোগ তৈরি করে। দলটি দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তবে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।
এই ড্রয়ের ফলে বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের গোলশূন্য ড্রয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। এ ক্ষেত্রে তাদের ধারেকাছেও নেই অন্য কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ নয়বার গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুগুয়ে আটবার এবং জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন সাতবার করে গোলশূন্য ড্র করেছে বিশ্বকাপে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলশূন্য ড্র হয়েছিল ১৯৫৮ সালের ১১ জুন। সুইডেনের গ্যোটেনবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে স্বাগতিক সুইডেন ও ব্রাজিল গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে।
ড্রয়ের ফলে ‘এল’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান চার পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচে জয় পেলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হবে টমাস টুখেলের দলের। অন্যদিকে এক ম্যাচ করে খেলা পানামা ও ক্রোয়েশিয়া এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।















