চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মুন্সির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০২২ সালের আগস্ট মাসের পটিয়া থানার একটি মাদক মামলায় আদালত আসামির বিরুদ্ধে রায় প্রদান করেন। আদালত দুটি আলাদা ধারায় তাকে যথাক্রমে ১২ বছর ও ৮ বছরসহ সর্বমোট ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই জয়নাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সাজাপ্রাপ্ত এই আসামি হাটহাজারী এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টায় হাটহাজারীর মুন্সির মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















