চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

সর্বশেষ:

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড শুনানি আজ

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড শুনানি আজ

বিনোদন ডেস্ক

২৪ জুন, ২০২৬ | ১২:২৩ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে আলোচিত ঘটনা বাসা থেকে স্ত্রী আফরা ইভনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা যাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি হবে আজ বুধবার (২৪ জুন)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম। তিনি জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

 

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ও উসকানিমূলক মন্তব্য করতেন যাহের আলভী। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে বিভিন্ন মন্তব্য পোস্ট করার অভিযোগও তুলে ধরা হয়। মামলার প্রকৃত ঘটনা উদঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন তথ্য যাচাইয়ের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

 

এদিকে, গত ৪ জুন একই মামলায় যাহের আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন দেওয়া হয়।

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন