আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে বুধবার সকালে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা।
দুই ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। সমান দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে আছে ঘানা।
বিশ্বকাপের বর্তমান ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া সেরা আটটি দল নকআউট পর্বে জায়গা পাবে। সে হিসেবে শেষ ম্যাচের আগে ক্রোয়েশিয়ার সম্ভাবনা এখনও ভালোভাবেই টিকে রয়েছে।
ম্যাচের শুরুতে ক্রোয়েশিয়াকে বেশ চাপে রাখে পানামা। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বেশি কার্যকর ছিল মধ্য আমেরিকার দলটি। ২৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও পেয়েছিল তারা। ডান দিক থেকে আমির মুরিয়োর ক্রসে হোসে লুইস রদ্রিগেসের জোরালো হেড ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।
প্রথমার্ধে গোলের কাছাকাছি যেতে পারেনি ক্রোয়েশিয়াও। যোগ করা সময়ে প্রায় ২৫ গজ দূর থেকে মার্তিন বাতুরিনার নেওয়া নিচু শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক। প্রথম ৪৫ মিনিটে ক্রোয়াটরা মাত্র দুটি শট নেয়, যার একটি ছিল লক্ষ্যে।
বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেটার মুসার পরিবর্তে আন্তে বুদিমিরকে মাঠে নামান তিনি। সেই সিদ্ধান্তই এনে দেয় কাঙ্ক্ষিত ফল।
৫৪তম মিনিটে ডান প্রান্ত থেকে ইয়োসিপ স্তানিসিচের বাড়ানো বল দূরের পোস্টে পা ছুঁইয়ে জালে পাঠান বুদিমির। তার একমাত্র গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া।
গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় পানামা। ৬৮তম মিনিটে আবারও দলের ত্রাতা হয়ে ওঠেন লিভাকোভিচ। প্রথমে আমির মুরিয়োর পরপর দুটি শট প্রতিহত করেন তিনি। এরপর কর্নার থেকে কার্লোস হার্ভির হেড এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে নিশ্চিত গোল বাঁচান এই গোলরক্ষক।
শেষ সময়ে উভয় দলই আরও কিছু সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে বুদিমিরের গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
ম্যাচটি ছিল ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের জন্যও বিশেষ। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার রাতে ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ড খেলবে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া পানামার বিপক্ষে।















